‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের অবদান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা তুলে ধরে দিবসটি পালন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নুরুল হুদা শিপুল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শিক্ষক মাওলানা আবুল খায়ের এবং বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুজ্জামান।
বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করা গেলে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।