কোনাবাড়ীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জরুন এলাকায় মৃত বাবুল মিয়ার টিনশেড বাসার বারান্দার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসিনা আক্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি প্রায় চার বছর ধরে খালা-খালুর সঙ্গে জরুন এলাকায় ওই বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে অসুস্থ থাকায় হাসিনা কর্মস্থলে যাননি। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় গার্মেন্টসের ফেব্রিক্স দিয়ে তৈরি রশির সাহায্যে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।









