চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটি ও স্কপের উদ্যোগে চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বন্দর ভবনের প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বন্দরের বিভিন্ন শ্রমিক-কর্মচারী, বন্দর ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ পণ্য এ বন্দরের মাধ্যমে পরিবাহিত হয়। তাই বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
বক্তারা বলেন, এনসিটি ও সিসিটি পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজন, বন্দর ব্যবহারকারী, শ্রমিক-কর্মচারী এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজন। জাতীয় স্বার্থ ও বন্দরের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অক্ষুণ্ন রেখে টার্মিনাল পরিচালনার ব্যবস্থা করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এটি দেশের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও কৌশলগত নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। ফলে বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার যেকোনো উদ্যোগ গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
অবস্থান কর্মসূচি থেকে এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল, বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখা এবং জাতীয় স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত থেকে বিরত থাকার দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের প্রধান সমুদ্রবন্দর ও এর স্থাপনাগুলোর স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
দিনব্যাপী অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বন্দর ভবনের প্রধান ফটক এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে এনসিটি ও সিসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি জানান।
এতে বক্তব্য রাখেন , টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির ,যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম , বন্দর ল্যনসিং আন ল্যনসিং শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইকবালসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।









