কালিয়াকৈর ওলামা পরিষদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের মতবিনিময় সভা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার ওলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জননেতা মোঃ সাইজুদ্দিন আহম্মেদ। এলাকার উন্নয়ন, জনকল্যাণ, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মেয়র পদপ্রার্থী মোঃ সাইজুদ্দিন আহম্মেদের নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মতবিনিময় সভায় কালিয়াকৈর পৌরসভার বর্তমান পরিস্থিতি, নাগরিকদের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে করণীয় নিয়েও মতামত বিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
সভায় মেয়র পদপ্রার্থী মোঃ সাইজুদ্দিন আহম্মেদ বলেন, “কালিয়াকৈর পৌরসভার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কোনো বিভাজন নয়, বরং সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ওলামা সমাজ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। নৈতিকতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত ওলামা পরিষদের নেতৃবৃন্দ কালিয়াকৈরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভাটি পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয়।









