কালিয়াকৈরে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদের মতবিনিময় সভা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বেলায়েতের মোড়ে স্থানীয় সাধারণ মানুষ, অসহায়, অসুস্থ ও দুস্থদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। এ সময় কয়েকজন অসুস্থ ব্যক্তি চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানান। পাশাপাশি দারিদ্র্যের কারণে সন্তানের পড়াশোনার খরচ চালাতে না পারা কয়েকজন অভিভাবক এবং কন্যার বিয়ের জন্য সহযোগিতা প্রত্যাশী এক অসহায় ব্যক্তি তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।
সভায় কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা এবং কালিয়াকৈর পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









