গাইবান্ধায় পল্লী প্রাণী সেবক ও খামারি সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত

“সুস্থ প্রাণী, সমৃদ্ধ গ্রাম, উন্নত দেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সদরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘পল্লী প্রাণী সেবক ও খামারি সমিতি, গাইবান্ধা সদর’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর, ২০২৬) সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রাণী সেবক, খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা এবং প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি জোরদার করতে এবং প্রাণিসম্পদের সঠিক যত্ন ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে পল্লী প্রাণী সেবকরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিরাপদ আমিষের চাহিদা পূরণ ও দারিদ্র্য নিরসনে খামারিদের দক্ষ করে তোলা এবং স্বাস্থ্যবান প্রাণী নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে তাদের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী দিনেও খামারিদের যেকোনো সমস্যায় পাশে থেকে প্রাণী সম্পদের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা- কর্মচারী ও প্রাত্তন কর্মকর্তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রানবস্ত করে তোলে।








