ফুলছড়িতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম মন্ডলের দোয়া ও সমর্থন চেয়ে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ইউনিয়নের ভাটিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শাহ আলম মন্ডল বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তাঁর সমর্থনে লাগানো পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকো ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে। পাশাপাশি জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ সাইদী এবং ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের ছবিও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাগানো পোস্টারগুলো রাতের আঁধারে বা সুযোগ বুঝে ছিঁড়ে ফেলা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলে পরিবেশ উত্তপ্ত করা কোনোভাবেই কাম্য নয়।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম মন্ডল বলেন, আমার দোয়া ও সমর্থন চেয়ে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় আমি হতাশ। রাজনৈতিকভাবে সবাই সবার মত প্রকাশের অধিকার রাখে। কিন্তু কারও প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলা সমর্থনযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ সাইদী বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এদের চরম শাস্তি হবে। অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ভাবেই এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, মতের ভিন্নতাও থাকতে পারে। কিন্তু পোস্টার ছিঁড়ে বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ নষ্ট করা ঠিক নয়। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
স্থানীয়রা জানান, এরেন্ডাবাড়ী ইউনিয়নে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এর মধ্যে পোস্টার ছেঁড়ার মতো ঘটনা যাতে কোনো ধরনের উত্তেজনা বা বিরোধ সৃষ্টি না করে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।
তবে কারা এবং কী কারণে এসব পোস্টার ছিঁড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।








